Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

থাইল্যান্ডের রনং ও চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি শিপিংয়ের ট্রায়াল রান শিগগির

বিজনেস রিপোর্ট  : থাইল্যান্ডের রাষ্ট্রদূত মিজ মাকাওয়াদি সুমিতমোর বলছেন, শিগগিরই থাইল্যান্ডের রনং বন্দর ও চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি উপকূলীয় শিপিংয়ের ট্রায়াল রান হতে পারে।

থাই রাষ্ট্রদূত সোমবার(২৯ অক্টোবর ২০২৪) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সাথে সাক্ষাৎকালে একথা বলেন।

পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত বাণিজ্য ও বিনিয়োগ, উপকূলীয় নৌপরিবহন, কৃষি ব্যবসা, পর্যটন ও জনগণের মধ্যে যোগাযোগ সংক্রান্ত পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।

আলোচনাকালে থাই রাষ্ট্রদূত ২০২৪ সালের জুলাই মাসে থাই বাণিজ্য প্রতিনিধিদলের বাংলাদেশে সফল সফরের কথা উল্লেখ করেন, যা থাই ব্যবসায়ীদের ওপর ইতিবাচক প্রভাব ফেলেছিল।

উভয়েই যত তাড়াতাড়ি সম্ভব ঢাকায় ৬ষ্ঠ জয়েন্ট ট্রেড কমিটির (জেটিসি) সভা আহ্বানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, এটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনার পথ সুগম করবে।

উভয়েই বিমসটেক শীর্ষ সম্মেলন শিগগির অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন।

 

পররাষ্ট্র সচিব বাংলাদেশি সুস্বাদু খাবারের প্রচার ও ব্র্যান্ডিংয়ের জন্য জ্ঞান, উদ্ভাবন ও দক্ষতা বিনিময়ে থাইল্যান্ডের সহযোগিতা কামনা করেন।

পররাষ্ট্র সচিব নিয়মিত দ্বিপক্ষীয় পরামর্শসভার আয়োজন এবং মুলতুবি থাকা দ্বিপক্ষীয় বিষয়গুলো দ্রুততম সময়ে চূড়ান্ত করার ওপর জোর দেন।

পররাষ্ট্র সচিব ২০২৪ সালের মধ্য ডিসেম্বর থেকে বাংলাদেশের সরকারি পাসপোর্টের জন্য ‘ভিসা ছাড় চুক্তি’ সক্রিয় করায় সন্তুষ্টি প্রকাশ করেন।

থাই রাষ্ট্রদূত সুমিতমোর জানান যে থাইল্যান্ড শিগগিরই ই-ভিসা পরিষেবা চালু করবে, যেখানে আবেদনকারীরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং ই-ভিসা পাবেন।

রাষ্ট্রদূত সুমিতমোর পররাষ্ট্র সচিবের দায়িত্ব গ্রহণের জন্য মো. জসিম উদ্দিনকে অভিনন্দন জানান এবং আগামী দিনে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে থাইল্যান্ডের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

করপোরেট নিউজ ২৪, মনির 

Leave A Reply

Your email address will not be published.