EMail: corporatenews100@gmail.com
যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের পার্টনার্স মিট-২০২৪ অনুষ্ঠান সম্পন্ন
কক্সবাজার : দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপ দেশের অর্থনৈতিক পরিবর্তনে গর্বের সঙ্গে ভূমিকা রেখে চলেছে বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির গ্রুপ পরিচালক মনিকা নাজনীন ইসলাম।
শনিবার কক্সবাজারের পাঁচ তারকা ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্টে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত পার্টনার্স মিট-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩০০ ডিলার এই আয়োজনে অংশ নেন।
গ্রাহক ও ডিলারদের প্রতি কৃতজ্ঞতা
মনিকা নাজনীন বলেন, “আমাদের যমুনা পরিবারের প্রাণ হলো গ্রাহকরা, আর ডিলাররা আমাদের শক্তি। আমরা সবাই মিলে একটি পরিবার এবং এই সম্পর্ককে আরও শক্তিশালী করাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, “২০ বছর আগে ইলেকট্রনিক্স পণ্যগুলো বিদেশ থেকে আমদানি করা হতো। কিন্তু এখন যমুনা দেশে আন্তর্জাতিক মানের ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন করছে এবং আমরা বিদেশে রপ্তানির কার্যক্রমও শুরু করেছি। ডিলারদের আন্তরিক সহযোগিতা ও পরিশ্রমের জন্য আমরা কৃতজ্ঞ। একসঙ্গে আমরা দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বড় ভূমিকা রাখতে চাই।”

যমুনার প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের স্বপ্ন বাস্তবায়ন
অনুষ্ঠানে গ্রুপ পরিচালক সোনিয়া সারিয়াত বলেন, “দেশীয় পণ্য উৎপাদন করে দেশের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার স্বপ্ন ছিল আমার বাবা মরহুম নুরুল ইসলামের। সেই স্বপ্ন পূরণে তিনি যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করেন। আজকের ডিলাররা আমার বাবার সেই স্বপ্ন বাস্তবায়নের অংশীদার, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ।”
ডিলারদের জন্য বিশেষ তহবিল
গ্রুপ পরিচালক এসএম আব্দুল ওয়াদুদ বলেন, “ডিলারদের সঙ্গে আমাদের সম্পর্কই আমাদের শক্তি। ডিলার ও গ্রাহকদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা যমুনাকে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। সেই লক্ষ্যে আমরা একসঙ্গে কাজ করছি। পাশাপাশি আমরা ‘যমুনা ডিলার ওয়েলফেয়ার ফান্ড’ গঠন করেছি, যার মাধ্যমে বিপদগ্রস্ত ডিলার এবং তাদের পরিবারকে সহযোগিতা করা হবে।”
ডিলারদের ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা
যমুনা ইলেকট্রনিক্সের পরিচালক (মার্কেটিং) সেলিম উল্লাহ সেলিম বলেন, “ডিলারদের অক্লান্ত পরিশ্রমের কারণে যমুনা ইলেকট্রনিক্স আজ দেশের ইলেকট্রনিক্স খাতে শক্ত অবস্থান তৈরি করতে পেরেছে। আমরা ডিলারদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে একসঙ্গে এগিয়ে যেতে চাই।”
উৎসবমুখর আয়োজন
অনুষ্ঠানে যমুনা ইলেকট্রনিক্সের পণ্যের মান, নতুন বিপণন কৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। ডিলাররা পণ্যের গুণগত মান ও গ্রাহকসেবার প্রতি সন্তোষ প্রকাশ করেন। সেরা সেলসম্যানদের পুরস্কৃত করার পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এই পার্টনার্স মিট যমুনা ইলেকট্রনিক্সকে দেশের ইলেকট্রনিক্স খাতে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে এবং নতুন দিগন্ত উন্মোচন করবে।
করপোরেট নিউজ ২৪, জুবায়ের