USA news 24/7
Stay Ahead with the Latest in Business

বন্দরের চারগুণ স্টোররেন্ট আদায় বন্ধের দাবি

চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের ৩৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) প্রয়োজনের অতিরিক্ত সিএন্ডএফ লাইসেন্স ইস্যু বন্ধ, বন্দরের চারগুণ স্টোররেন্ট আদায় স্থায়ীভাবে বন্ধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রমে বিদ্যমান জটিলতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন নেতারা। একই সঙ্গে সিএন্ডএফ ব্যবসা সুরক্ষায় সকল বিভাজন ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

রবিবার (১১ মে) নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এসব দাবি ও বক্তব্য উঠে আসে। সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম এবং সঞ্চালনা করেন সাংস্কৃতিক সম্পাদক মো. শফিউল আজম খান।

 

 

সভাপতির বক্তব্যে এস এম সাইফুল আলম বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেশের অন্যান্য বাণিজ্যিক সংগঠনের মতো এ অ্যাসোসিয়েশনেও প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল। তবে প্রশাসনকে বোঝাতে সক্ষম হওয়ায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসা হয়। তিনি বলেন, অ্যাসোসিয়েশনে প্রশাসক নিয়োগ হলে আমদানি-রপ্তানি কার্যক্রম, অন-চ্যাসিস ডেলিভারির আন্ডারটেকিং স্বাক্ষরসহ সিএন্ডএফ এজেন্টদের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হতো।

 

 

তিনি আরও বলেন, “২৮০০ সিএন্ডএফ এজেন্টের জীবিকা নিয়ে কেউ ছিনিমিনি খেলতে চাইলে তা সম্মিলিতভাবে প্রতিহত করা হবে।” পাশাপাশি সংগঠনের প্রতিটি কর্মকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিত এবং অতীতের ভুল-ত্রুটি থেকে শিক্ষা নিয়ে অ্যাসোসিয়েশনকে আরও শক্তিশালী ও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

 

 

সাধারণ সম্পাদক মো. শওকত আলী ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করে বলেন, বর্তমান পরিষদ স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সদস্যদের পেশাগত স্বার্থ সংরক্ষণ ও নির্বিঘ্ন আমদানি-রপ্তানি কার্যক্রম নিশ্চিত করতে বিভিন্ন প্রতিবন্ধকতা দূরীকরণে পদক্ষেপ নেওয়া হয়েছে। সদস্যদের সহযোগিতায় দুটি শক্তিশালী ভিজিল্যান্স টিম গঠন, শিপিং এজেন্টদের অযাচিত চার্জ আদায় বন্ধে উদ্যোগ এবং দীর্ঘদিন বন্ধ থাকা মাসিক প্রশ্নোত্তর পর্ব পুনরায় চালু করা হয়েছে বলেও জানান তিনি।

 

 

বিশেষ অতিথির বক্তব্যে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মিজানুর রহমান বলেন, নতুন লাইসেন্স ইস্যুতে আপত্তি না থাকলেও কাস্টমস হাউসগুলোর আমদানি-রপ্তানি পরিসংখ্যান বিবেচনায় প্রয়োজন অনুযায়ী লাইসেন্স দেওয়া উচিত। তিনি জানান, প্রয়োজনের অতিরিক্ত লাইসেন্স ইস্যু স্থগিতের দাবিতে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) লিখিত আবেদন করা হয়েছে।

 

 

তিনি আরও বলেন, সিএন্ডএফ কমিশনের ওপর উৎসে কর্তিত করকে চূড়ান্ত করদায় হিসেবে গণ্য করার যৌক্তিকতা এনবিআরকে বোঝাতে সক্ষম হয়েছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়া গেছে।

 

 

সভায় বক্তারা অন্যান্য দাবিতে জানান, ছোট শুল্ক স্টেশন থেকে লাইসেন্স নিয়ে কাস্টমস হাউসে অধিক্ষেত্র সংযোজনের সুযোগ বাতিল, রপ্তানি চালান শাটআউট হওয়ার পর শিপিং বিল বাতিলের প্রক্রিয়া সহজ করা, আমদানিকারকের অসত্য ঘোষণার দায় সিএন্ডএফ এজেন্টের ওপর না চাপানো, ৩০ দিনের মধ্যে পণ্য খালাস না হলে জরিমানার বিধান প্রত্যাহার এবং বর্ধিত সিএন্ডএফ তালিকাভুক্তি ফি কমানো দরকার।

 

 

এছাড়া বন্দরের নির্ধারিত স্কেল ছাড়া অন্য স্কেলে পণ্যের ওজন নির্ধারণ বন্ধ, পণ্য ঘোষণার আগে সঠিক এইচএস কোড নির্ধারণে কাস্টমসের বিশেষ শাখা গঠন, সিএন্ডএফ কমিশনের হার তিন ক্যাটাগরিতে নির্ধারণ, একবার রাসায়নিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পর পুনঃপরীক্ষা বন্ধ এবং দ্বিতীয় প্রকল্পে মাল্টিপারপাস ভবন নির্মাণের আগে সম্ভাব্যতা যাচাই নিশ্চিত করার দাবিও জানানো হয়।

 

 

সভায় ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন, অভ্যন্তরীণ হিসাব নিরীক্ষা কমিটির মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে তিন বছর করা, ২০২৬ সালের বাজেট অনুমোদন এবং গঠনতন্ত্র সংশোধন করে যুগ্ম অর্থ সম্পাদক, অফ-ডক বিষয়ক সম্পাদক ও যুগ্ম সম্পাদক নামে নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত গৃহীত হয়।

 

 

সভায় উপদেষ্টা পরিষদ, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, ফেডারেশনের নেতারা, বিভিন্ন অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সাধারণ সদস্য উপস্থিত ছিলেন। পরে সদস্যদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।

করপোরেট নিউজ২৪/ এইচএইচ

Leave A Reply

Your email address will not be published.