Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

স্বর্ণবাজারে বড় ধাক্কা! ভরিতে ১৪ হাজারের বেশি কমল দাম

স্বর্ণের দাম

কনি ডেস্ক : টানা কয়েক দফা মূল্যবৃদ্ধির পর অবশেষে দেশের স্বর্ণবাজারে স্বস্তির খবর এলো। একদিন আগেই ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছানো স্বর্ণের দর হঠাৎ করেই বড় ধসের মুখে পড়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক ঘোষণায় জানিয়েছে, প্রতি ভরিতে সর্বোচ্চ ১৪ হাজার ৬০০ টাকা পর্যন্ত স্বর্ণের দাম কমানো হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন এই মূল্যহার সকাল ১০টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছে। সংগঠনটি জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দর কমে যাওয়ার প্রভাবেই দেশের বাজারে এই বড় সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম নেমে এসেছে প্রতি ভরি ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকায়। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ৫৯ হাজার টাকায়, ১৮ ক্যারেটের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি এখন ১ লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা।

এর আগে মাত্র একদিন আগেই ২২ ক্যারেট স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকায়, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।

স্বর্ণের পাশাপাশি রৌপ্যের বাজারেও এসেছে দাম কমার খবর। নতুন হিসাবে ২২ ক্যারেট রৌপ্যের প্রতি ভরি ৭ হাজার ৭৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেট রৌপ্যের দাম ৭ হাজার ৪০৭ টাকা, ১৮ ক্যারেট ৬ হাজার ৩৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রৌপ্য বিক্রি হচ্ছে প্রতি ভরি ৪ হাজার ৭৮২ টাকায়।

হঠাৎ এই বড় মূল্যপতনে ক্রেতাদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হতে পারে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

করপোরেট নিউজ/ এসি

Leave A Reply

Your email address will not be published.