EMail: corporatenews100@gmail.com
তাইওয়ানের কনটেইনার শিপিং কোম্পানি Wan Hai Lines নতুন করে ছয়টি কনটেইনার জাহাজ নির্মাণের অর্ডার দিয়ে তাদের অর্ডার বুক আরও সম্প্রসারণ করেছে। নতুন এই জাহাজগুলো চীনের বিভিন্ন শিপইয়ার্ডে নির্মিত হবে বলে কোম্পানিটি জানিয়েছে।
কোম্পানির ঘোষণায় বলা হয়, চীনের Huangpu Wenchong Shipbuilding শিপইয়ার্ডে চারটি ৬,০০০ টিইইউ ক্ষমতার কনটেইনার জাহাজ নির্মাণ করা হবে। জাহাজগুলো ডুয়াল-ফুয়েল ইঞ্জিনে চালিত হবে এবং এলএনজি ব্যবহারের উপযোগী করে ডিজাইন করা হবে। প্রতিটি জাহাজ নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭৫ থেকে ৮২ মিলিয়ন ডলার। ফলে চারটি জাহাজের মোট বিনিয়োগ অন্তত ৩০০ মিলিয়ন ডলার হবে।
এছাড়া আরও দুটি বড় কনটেইনার জাহাজ নির্মাণ করা হবে চীনের Shanghai Waigaoqiao Shipbuilding শিপইয়ার্ডে। ৯,২০০ টিইইউ ধারণক্ষমতার এই জাহাজগুলো মিথানলচালিত হবে। প্রতিটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ১০২ থেকে ১১২ মিলিয়ন ডলার।
এর আগে গত ডিসেম্বরেও Wan Hai Lines একই শিপইয়ার্ড Huangpu Wenchong Shipbuilding-এ ছয়টি ৬,০০০ টিইইউ ক্ষমতার এলএনজি-চালিত জাহাজের অর্ডার দিয়েছিল। ওই জাহাজগুলো ২০৩০ সালের মধ্যে ডেলিভারি হওয়ার কথা রয়েছে এবং মূলত আঞ্চলিক ও আন্তঃএশীয় রুটে পরিচালনার জন্য পরিকল্পনা করা হয়েছে।
একইসঙ্গে কোম্পানির পরিচালনা পর্ষদ ৫,৬০০ টিইইউ ক্ষমতার তিনটি কনটেইনার জাহাজ বিক্রির সিদ্ধান্তও অনুমোদন করেছে। প্রতিটি জাহাজের সম্ভাব্য বিক্রয়মূল্য ধরা হয়েছে প্রায় ৩৩ মিলিয়ন ডলার, তবে ক্রেতার নাম প্রকাশ করা হয়নি।
বর্তমানে বৈশ্বিক কনটেইনার শিপিং কোম্পানিগুলোর তালিকায় Wan Hai Lines ১১তম অবস্থানে রয়েছে। তাদের মোট বহরের ধারণক্ষমতা প্রায় ৬ লাখ টিইইউ এবং বহরে রয়েছে প্রায় ১২০টি জাহাজ।
ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে কোম্পানির অর্ডারবুকে বর্তমানে প্রায় ৪ লাখ টিইইউ ধারণক্ষমতার প্রায় ৪০টি জাহাজ রয়েছে। এর মধ্যে ১৬,০০০ টিইইউ ক্ষমতার নতুন জাহাজও রয়েছে, যা দক্ষিণ কোরিয়ার HD Hyundai Samho এবং Samsung Heavy Industries শিপইয়ার্ডে নির্মাণাধীন।
উল্লেখ্য, গত আগস্টে ১৩টি নতুন জাহাজের সিরিজের শেষ জাহাজ “Wan Hai A20” ডেলিভারি পেয়েছে কোম্পানিটি, যার প্রতিটির ধারণক্ষমতা ১৩,১০০ টিইইউ। সূত্র: হানসা ডট নিউজ
করপোরেট নিউজ২৪/ এইচ এইচ সি