Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

ফের বাড়লো ফার্নেস অয়েলের দাম

দেশে আবারও ফার্নেস অয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন  (বিইআরসি)। নতুন ঘোষণায় প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ১৮ টাকা ৮৫ পয়সা বৃদ্ধি করে ১১৩ টাকা ৫৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন এ মূল্য সোমবার (১৮ মে ২০২৫) দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।

সংস্থাটির প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম এবং মার্কিন ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে মে মাসের জন্য ফার্নেস অয়েলের মূল্য সমন্বয় করা হয়েছে।

এর আগে গত ১২ এপ্রিল ফার্নেস অয়েলের দাম প্রতি লিটারে ২৪ টাকা বাড়িয়ে ৭০ টাকা ১০ পয়সা থেকে ৯৪ টাকা ৬৯ পয়সা করা হয়েছিল। এক মাসের ব্যবধানে আবারও জ্বালানিটির মূল্যবৃদ্ধি ভোক্তা ও শিল্প খাতে নতুন চাপ তৈরি করবে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিইআরসি জানায়, ১৮ মে অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় ১৩ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত সময়ে আমদানি করা পরিশোধিত ফার্নেস অয়েলের মে মাসের এফওবি (FOB) মূল্য এবং ডলারের বিনিময় হার বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

ফার্নেস অয়েলের মূল্য সমন্বয়ের লক্ষ্যে গত ১৫ মার্চ একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি আন্তর্জাতিক বাজারে প্রকাশিত প্লাটস রেট এবং ডলারের দর বিশ্লেষণ করে মূল্য সমন্বয়ের সুপারিশ দেয়। পরে বিশেষ কমিশন সভায় তা পর্যালোচনা করে নতুন দর অনুমোদন দেওয়া হয়।

বিশেষজ্ঞদের মতে, দেশে আমদানি করা ফার্নেস অয়েলের বড় অংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। ফলে জ্বালানিটির দাম বাড়ায় তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন ব্যয় আরও বাড়তে পারে, যার প্রভাব ভবিষ্যতে বিদ্যুতের দামের ওপরও পড়ার আশঙ্কা রয়েছে।

করপোরেট নিউজ ২৪/ এইচ এইচ

Leave A Reply

Your email address will not be published.