Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

আয়কর রিটার্ন সারা বছর জমা দেওয়া যাবে, আগে দিলে কর ছাড়

করদাতাদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। আগামী অর্থবছর থেকে সারা বছর আয়কর রিটার্ন দাখিলের সুযোগ পাচ্ছেন করদাতারা। তবে নির্ধারিত সময়ের আগেই রিটার্ন জমা দিলে মিলবে কর ছাড়, আর দেরি করলে গুনতে হবে অতিরিক্ত অর্থ।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব ঘোষণা করেন।

আগে রিটার্ন দিলে কর ছাড়

প্রস্তাব অনুযায়ী, অর্থবছরের প্রথম প্রান্তিক অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে করদাতারা বিশেষ কর ছাড় পাবেন।

এ ক্ষেত্রে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা সর্বোচ্চ ২৫ হাজার টাকা—যেটি কম, সেই পরিমাণ অর্থ কর ছাড় হিসেবে পাওয়া যাবে।

অক্টোবর-ডিসেম্বরে রিটার্ন দিলে কোনো জরিমানা নয়

দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে করদাতাদের জন্য কোনো অতিরিক্ত সুবিধা বা জরিমানা থাকবে না। এ সময় শুধু নির্ধারিত কর পরিশোধ করলেই হবে।

E return আয়কর রিটার্ন ফরম pdf download

দেরিতে রিটার্ন দিলে বাড়তি অর্থ দিতে হবে

জানুয়ারি থেকে মার্চের মধ্যে রিটার্ন দাখিল করলে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হবে। এ ক্ষেত্রে পরিশোধযোগ্য করের ২ শতাংশ অথবা ৩ হাজার টাকা—যেটি বেশি, সেই পরিমাণ অর্থ অতিরিক্ত দিতে হবে।

আর অর্থবছরের শেষ প্রান্তিক অর্থাৎ এপ্রিল থেকে জুনের মধ্যে রিটার্ন দাখিল করলে জরিমানার পরিমাণ আরও বাড়বে। তখন পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকা—যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত অর্থ দিতে হবে।

নতুন ব্যবস্থার লক্ষ্য কী?

সরকারের মতে, করদাতাদের সময়মতো আয়কর রিটার্ন দাখিলে উৎসাহিত করা এবং কর প্রশাসনকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

নতুন ব্যবস্থার ফলে করদাতারা নির্দিষ্ট একটি সময়সীমার চাপ থেকে মুক্ত হয়ে পুরো বছরজুড়ে রিটার্ন দাখিলের সুযোগ পাবেন। একই সঙ্গে আগেভাগে রিটার্ন জমা দিতে উৎসাহিত করতে কর ছাড়ের প্রণোদনাও রাখা হয়েছে।

এক নজরে নতুন নিয়ম

সময়কাল সুবিধা/জরিমানা
জুলাই-সেপ্টেম্বর করের ৫% ছাড় (সর্বোচ্চ ২৫,০০০ টাকা)
অক্টোবর-ডিসেম্বর কোনো ছাড় বা জরিমানা নয়
জানুয়ারি-মার্চ করের ২% বা ৩,০০০ টাকা (যেটি বেশি) অতিরিক্ত
এপ্রিল-জুন করের ৫% বা ৫,০০০ টাকা (যেটি বেশি) অতিরিক্ত

প্রস্তাবিত বাজেটে ঘোষিত এ ব্যবস্থা কার্যকর হলে দেশের কর ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

করপোরেটনিউজ২৪/এইচ এইচ

Leave A Reply

Your email address will not be published.