EMail: corporatenews100@gmail.com
বাংলাদেশ-স্পেন বিনিয়োগ ও ব্যবসায়িক সম্পর্ক জোরদারে আগ্রহ
বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত মারিয়া সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু বিশেষ করে উৎপাদনশিল্প, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প, অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর শিল্প খাতে বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ ও ব্যবসায়িক সম্পর্ক জোরদারে স্পেনের আগ্রহের কথা জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে স্পেনের রাষ্ট্রদূত এ আগ্রহের কথা জানান।
বৈঠকে বাংলাদেশ ও স্পেনের বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার ও বহুমুখীকরণের উপায় নিয়ে আলোচনা হয়। এ সময় বাণিজ্য, বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো উন্নয়ন, পর্যটন, কৃষি, শিক্ষা, প্রযুক্তি এবং দক্ষ মানবসম্পদ উন্নয়ন খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
রাষ্ট্রদূত বাংলাদেশের চলমান অর্থনৈতিক অগ্রগতি, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং কৌশলগত ভৌগোলিক অবস্থানের ভূয়সী প্রশংসা করেন।দু’দেশের বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা জোরদারের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনা সৃষ্টির বিষয়েও আলোচনা করেন তিনি।
হুমায়ুন কবির বাংলাদেশে বিদ্যমান সম্ভাবনা কাজে লাগাতে স্পেনের বিনিয়োগকারীদের স্বাগত জানান। তিনি দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও উন্নয়ন অংশীদারিত্বের বিষয়টি তুলে ধরেন।
তিনি বলেন, বাংলাদেশ বিদেশি বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল ও সম্ভাবনাময় গন্তব্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিতে সরকারের অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।
দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে অর্থনৈতিক সহযোগিতা গভীর করার গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা বলেন, এর মাধ্যমে উভয় দেশের জন্য পারস্পরিক লাভজনক নতুন সুযোগ সৃষ্টি হবে।
বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত এবং একই সঙ্গে বাংলাদেশ-স্পেন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে আশা প্রকাশ করে।
করপোরেট নিউজ২৪, এসটি