Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

আলীবাবা বাংলাদেশে বাজার আরও সম্প্রসারণ চায়

আলীবাবা ডট কমের পাকিস্তান ও বাংলাদেশের জেনারেল ম্যানেজার গাওয়া সামার জানান, ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত আলীবাবা বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ ই-কমার্স প্ল্যাটফর্ম। বিশ্বের প্রায় পাঁচ কোটি সক্রিয় ক্রেতা এবং দুই লাখের বেশি সরবরাহকারীর মাধ্যমে দুই বিলিয়নেরও বেশি পণ্য সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশের বৃহৎ বাজার ও সম্ভাবনাকে সামনে রেখে দেশটিতে কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

শনিবার (২০ জুন) আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চীনভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান আলীবাবা ডট কমের প্রতিনিধিদল দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সাথে সাক্ষাত করেন।
সৌজন্য সাক্ষাৎকালে গাওয়া সামার এসব কথা বলেন।

চেম্বার সভাপতি বলেন, আনোয়ারায় চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের অনুমোদন দিয়েছে সরকার। বিশ্বের অন্যতম বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস হিসেবে আলীবাবা বাংলাদেশের বিভিন্ন পণ্যকে তাদের প্ল্যাটফর্মে যুক্ত করলে দেশের রপ্তানি সম্প্রসারণে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। একই সঙ্গে চীনা বিশেষায়িত অঞ্চল ও সরকার ঘোষিত ফ্রি-ট্রেড জোনে রপ্তানিমুখী শিল্প এবং ইনটেক সার্ভিস স্টেশন স্থাপনের আহ্বান জানান তিনি।

মোহাম্মদ আমিরুল হক আরও বলেন, চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। ভৌগোলিক নৈকট্যের কারণে দুই দেশের মধ্যে নতুন অর্থনৈতিক সংযোগ তৈরি হয়েছে। তাই দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে ব্যবসায়ী-টু-ব্যবসায়ী যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি ই-কমার্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণ এবং ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগে চিটাগাং চেম্বারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

আলীবাবা ডট কমের পাকিস্তান ও বাংলাদেশের জেনারেল ম্যানেজার গাওয়া সামার বলেন, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে কৃষিপণ্য ও সামুদ্রিক খাদ্য উৎপাদনের ব্যাপক সম্ভাবনা রয়েছে, যার আন্তর্জাতিক বাজারে উল্লেখযোগ্য চাহিদা রয়েছে। তৈরি পোশাকের বাইরে রপ্তানি পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) বৈশ্বিক বাজারের সঙ্গে যুক্ত করতে কাজ করছে আলীবাবা। এরই অংশ হিসেবে চট্টগ্রামে একটি আলীবাবা সেন্টার চালু করা হয়েছে, যেখানে ব্যবসায়ীরা প্রশিক্ষণ ও রপ্তানি বৈচিত্র্যকরণ বিষয়ে প্রয়োজনীয় তথ্য-সহায়তা পাবেন।

চিটাগাং চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, দেশে ই-কমার্স খাতের আরও বিস্তারের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলা জরুরি। তরুণ উদ্যোক্তাদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে বৈশ্বিক বাজারে প্রবেশ এবং রপ্তানি পণ্যের বহুমুখীকরণে আলীবাবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ সময় চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপনসহ পরিচালনা পর্ষদের সদস্যরা এবং আলীবাবা ডট কমের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

করপোরেটনিউজ২৪/

Leave A Reply

Your email address will not be published.