EMail: corporatenews100@gmail.com
নির্বাচন কমিশনে করা আপিলের শুনানিতে স্বস্তি ফিরে পেয়েছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, ফলে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।
শনিবার (১০ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত দেওয়া হয়। এর মাধ্যমে আগের বাতিলাদেশ প্রত্যাহার হলো এবং নির্বাচনী দৌড়ে ফেরার সুযোগ পেলেন তিনি।
এর আগে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা গত ৩ জানুয়ারি ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি ৫ জানুয়ারি বিকেলে নির্বাচন কমিশনে গিয়ে আনুষ্ঠানিকভাবে আপিল আবেদন জমা দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল প্রক্রিয়া শুরু হয়েছে নির্বাচন কমিশনে। এই আপিল কার্যক্রম চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত। এ উপলক্ষে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থী নিজে অথবা তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি, সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কিংবা সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান নির্বাচন কমিশনে আপিল আবেদন জমা দিতে পারবেন। কমিশন পর্যায়ক্রমে এসব আপিলের শুনানি গ্রহণ করে সিদ্ধান্ত দিচ্ছে।
ডা. তাসনিম জারার ক্ষেত্রে কমিশনের সর্বশেষ সিদ্ধান্ত তার নির্বাচনী প্রচারণা ও অংশগ্রহণের পথ আবারও উন্মুক্ত করল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
করপোরেটনিউজ২৪/এইচএইচ