EMail: corporatenews100@gmail.com
বিএনপির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে দলটির সর্বোচ্চ নেতৃত্বে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে দলীয় চেয়ারম্যান পদ শূন্য হলে গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করা হয়। ওই বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্তে তারেক রহমানকে বিএনপির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
৯ জানুয়ারি গুলশানে অনুষ্ঠিত স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, দলীয় সংবিধান অনুসরণ করেই শূন্য পদে নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে এবং এর মধ্য দিয়ে তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বিএনপির সর্বোচ্চ দায়িত্ব গ্রহণ করেছেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর থেকেই তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। সেই সময় থেকে বাস্তবে তার নেতৃত্বেই বিএনপির সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।
করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ তৎকালীন সরকার শর্তসাপেক্ষে খালেদা জিয়াকে মুক্তি দেয়। মুক্তির শর্ত অনুযায়ী তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না এবং চিকিৎসার উদ্দেশ্যে দেশের বাইরে যেতে পারবেন না। এসব কারণে তিনি দীর্ঘ সময় সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন।
পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন রাষ্ট্রপতির আদেশে খালেদা জিয়া মুক্তি পেলেও তিনি আর রাজনৈতিক অঙ্গনে প্রত্যাবর্তন করেননি। অবশেষে গত বছরের ৩০ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর দলীয় নেতৃত্বের এই আনুষ্ঠানিক পরিবর্তনের মাধ্যমে বিএনপির নতুন অধ্যায় শুরু হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
করপোরেটনিউজ২৪/এইচএইচ