Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

আবারও রেকর্ড উচ্চতায় স্বর্ণ ও রুপার দাম

করপোরেটনিউজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে আবারও রেকর্ড ভাঙছে স্বর্ণ ও রুপার দাম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধের জেরে ইউরোপের কয়েকটি দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেওয়ায় বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা বেড়েছে। এর ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে মূল্যবান ধাতুর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। এতে স্বর্ণ ও রুপার দাম নতুন উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছে রয়টার্স।

গতকাল স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৬৬৯ ডলার ৯ সেন্টে দাঁড়ায়। দিনের এক পর্যায়ে এই দাম বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৬৮৯ ডলার ৩৯ সেন্টে পৌঁছে, যা আধুনিক পণ্যবাজারের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ। একই সময়ে ফেব্রুয়ারিতে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৬৭৪ ডলার ১০ সেন্টে ওঠে।

শনিবার ডোনাল্ড ট্রাম্প ইউরোপের কয়েকটি মিত্র দেশের ওপর ধাপে ধাপে শুল্ক বাড়ানোর হুমকি দেন। তার বক্তব্য, যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিরোধিতা গ্রহণযোগ্য নয়। বর্তমানে ডেনমার্কের নিয়ন্ত্রণাধীন এই বিশাল আর্কটিক দ্বীপকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে বিরোধ আরও তীব্র আকার ধারণ করেছে।

বাজার বিশ্লেষণ ও ব্রোকারেজ প্রতিষ্ঠান এক্সএস ডটকমের সিনিয়র মার্কেট অ্যানালিস্ট লিন ট্রান বলেন, ‘যখনই বৈশ্বিক প্রাতিষ্ঠানিক বা নীতিগত ঝুঁকি তৈরি হয়, তখন নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়ে যায়। এর স্বাভাবিক ফল হিসেবেই দাম ঊর্ধ্বমুখী হয়।’

আরেক বাজার বিশ্লেষকের মতে, ট্রাম্পের সর্বশেষ শুল্ক ঘোষণার পর বৈশ্বিক শেয়ারবাজারের প্রধান সূচকগুলো নিম্নমুখী হয়েছে। একই সঙ্গে মার্কিন ডলারের মানও কিছুটা কমেছে। ফলে বিনিয়োগকারীরা জাপানি ইয়েন ও সুইস ফ্রাঁর মতো নিরাপদ মুদ্রার দিকে ঝুঁকছেন।

বিশ্ববাজারে গত বছরজুড়ে স্বর্ণের দাম বেড়েছে ৬৪ শতাংশের বেশি। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত দাম বেড়েছে ৮ শতাংশেরও বেশি।

সংশ্লিষ্টরা জানান, যুক্তরাষ্ট্রের শ্রমবাজার এখনো দুর্বল ও অস্থির অবস্থায় রয়েছে। যদি কর্মসংস্থান পরিস্থিতির আরও অবনতি ঘটে, তাহলে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদহার আরও কমাতে পারে।

তবে বাজার বিশ্লেষকদের ধারণা, আগামী ২৭–২৮ জানুয়ারির বৈঠকে ফেড সুদহার অপরিবর্তিত রাখবে। যদিও চলতি বছরে অন্তত দুই দফায় ২৫ বেসিস পয়েন্ট করে সুদহার কমানো হতে পারে।

অন্যদিকে, স্পট মার্কেটে গতকাল রুপার দাম ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৯৩ ডলার ১৭ সেন্টে পৌঁছেছে। দিনের এক পর্যায়ে রুপার দাম রেকর্ড ৯৪ ডলার ৮ সেন্টে উঠে যায়। চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম বেড়েছে ৩০ শতাংশের বেশি।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে প্লাটিনামের দাম স্পট মার্কেটে ১ দশমিক ২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ২ হাজার ৩৫৫ ডলার ৭০ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে প্যালাডিয়ামের দাম দশমিক ৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ৮০৬ ডলার ৭০ সেন্টে পৌঁছেছে।

কনি/ করপোরেটনিউজ / এইচএইচ/

Leave A Reply

Your email address will not be published.