Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

ঢাকার বাস পরিষেবায় চালু হচ্ছে ই-টিকিট ব্যবস্থা

ঢাকা প্রতিবেদক : ঢাকা মহানগর ও আশপাশের শহরতলি এলাকায় বাসে যাত্রী পরিবহনে ই-টিকিটিং ব্যবস্থা চালু করা হচ্ছে। এ উদ্যোগ বাস্তবায়ন করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়নসহ একাধিক শ্রমিক সংগঠন। ই-টিকিট কার্যক্রমে কারিগরি সহায়তা দিচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান আরবানমুভ টেক।

১৯ জানুয়ারি ২০২৬ ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ই-টিকিটিং পদ্ধতির উদ্বোধন করা হয়। এ সময় পরিবহন মালিক ও শ্রমিক নেতারা জানান, এক সপ্তাহের মধ্যেই ব্যবস্থা পুরোপুরি কার্যকর করা হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম। তিনি বলেন, বিভিন্ন রুটে চলাচলকারী পরিবহন কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে আরবানমুভ টেক ই-টিকিটিং ব্যবস্থাপনার সার্বিক দায়িত্ব গ্রহণ করেছে। আগামী এক সপ্তাহের মধ্যে এই কার্যক্রম চালু করা হবে। পুরো প্রক্রিয়া বাস্তবায়নে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং পুলিশ প্রশাসন যৌথভাবে তদারকি ও সহযোগিতা করবে।

ই-টিকিটিং ব্যবস্থায় যাত্রীদের জন্য কিছু বাধ্যতামূলক নিয়মও তুলে ধরা হয়। এসবের মধ্যে রয়েছে—সব বাস নির্ধারিত স্টপেজে যাত্রী ওঠানামা করবে, প্রতিটি যাত্রীকে অ্যাপ বা নির্ধারিত ডিভাইসের মাধ্যমে ই-টিকিট সংগ্রহ করে ভ্রমণ করতে হবে, সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত কোনো অর্থ আদায় করা যাবে না এবং শিক্ষার্থীদের জন্য আগের মতোই অর্ধেক ভাড়া কার্যকর থাকবে।

সাইফুল আলম বলেন, “আমরা বিশ্বাস করি, এই ব্যবস্থা কার্যকর হলে সড়কে যানজট কমবে, অসম প্রতিযোগিতায় গাড়ি চালানো বন্ধ হবে, দুর্ঘটনা হ্রাস পাবে এবং যাত্রীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও সেবার মান উন্নত হবে। পাশাপাশি সড়কে যানবাহন থেকে চাঁদাবাজিও বন্ধ হবে।”

করপোরেটনিউজ২৪/ এইচএইচসি/আসি

Leave A Reply

Your email address will not be published.