Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

‘জঙ্গল সলিমপুরে কম্বাইন্ড অপারেশন চালানো হবে’

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সব বাহিনীর সমন্বয়ে ‘কম্বাইন্ড অপারেশন’ চালানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১৯তম সভা এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে অনুষ্ঠিত প্রথম সভার সিদ্ধান্ত ও বিষয়াদি জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আসন্ন নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর এই ঘটনার প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, “আজকের সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। জঙ্গল সলিমপুরে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত জঘন্য। আমরা এর তীব্র নিন্দা জানাই।”

তিনি বলেন, “ওই এলাকায় অভিযান আরও জোরদার করা হবে। সব বাহিনী একত্রিত হয়ে কম্বাইন্ড অপারেশন পরিচালনা করবে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তারা যত ক্ষমতাবানই হোক না কেন, প্রত্যেককে গ্রেপ্তার করা হবে।”

লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে প্রেস সচিব জানান, কম্বাইন্ড অপারেশনের মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে।

বাহিনীর সদস্যদের মনোবলের ওপর এই ঘটনার কোনো নেতিবাচক প্রভাব পড়বে কি না—এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “না। বরং আমি মনে করি, এই ঘটনা তাদের সংকল্প ও দৃঢ়তা আরও শক্তিশালী করবে।”

উল্লেখ্য, সোমবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম এলাকা জঙ্গল সলিমপুরে অভিযান পরিচালনা শেষে ফেরার পথে সশস্ত্র সন্ত্রাসীদের হামলার মুখে পড়েন র‌্যাব সদস্যরা। এ সময় সন্ত্রাসীদের গুলিতে র‌্যাব কর্মকর্তা মো. মোতালেব নিহত হন। ঘটনার পরপরই ওই এলাকায় পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা যৌথ অভিযান শুরু করে।

দুর্গম পাহাড়ি অঞ্চল হওয়ায় জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে পাহাড়খেকো, ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। এলাকাটিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, খুনোখুনি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলমান রয়েছে।

করপোরেটনিউজ/এইচএইচ

Leave A Reply

Your email address will not be published.