Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

হাজী কাচ্চি সিলগালা হলো যে কারণে

করপোরেটনিউজ২৪ প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় খাবারে নিষিদ্ধ ইন্ডাস্ট্রিয়াল রঙ ও নানা অনিয়মের অভিযোগে ‘হাজী কাচ্চি ঘর’ নামের একটি রেস্টুরেন্ট সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে আরও দুটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) মোহরা এলাকায় এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। অভিযানে সহকারী পরিচালক মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন।

অভিযান শেষে উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, হাজী কাচ্চি ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের প্রমাণ পাওয়া গেছে। রান্নায় বিপুল পরিমাণ নিষিদ্ধ কেমিক্যাল ও ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল রঙ ব্যবহার করা হচ্ছিল এবং ভবিষ্যতে ব্যবহারের উদ্দেশ্যে এসব রঙ মজুদও রাখা হয়েছিল। এছাড়া নষ্ট ও বাসি গ্রিল এবং বিভিন্ন ধরনের পুরোনো চিকেন ফ্রাই বিক্রির অভিযোগও পাওয়া যায়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়।

একই অভিযানে মেয়াদোত্তীর্ণ কেক ও রসমালাই বিক্রির দায়ে ‘দোহা ফুড’-কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পাউরুটি সংরক্ষণের অপরাধে ‘খাজা স্টোর’-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আপস করা হবে না।
কনি/ এইচ এইচ সি

Leave A Reply

Your email address will not be published.