Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

সম্মিলিত ইসলামী ব্যাংক: ২ দিনে ৪৪ কোটি টাকা আমানত!

কার্যক্রম শুরুর প্রথম দুই কার্যদিবসেই বড় সাড়া ফেলেছে সম্মিলিত ইসলামী ব্যাংক। মাত্র ৪৮ ঘণ্টায় ব্যাংকটিতে জমা পড়েছে ৪৪ কোটি টাকা আমানত। একই সময়ে উত্তোলন হয়েছে ১০৮ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক বলছে, প্রত্যাশার তুলনায় উত্তোলনের চাপ কম হওয়ায় পরিস্থিতি ইতিবাচক।

সোমবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন,

“আমরা যতটা উত্তোলনের আশঙ্কা করেছিলাম, বাস্তবে তার চেয়ে অনেক কম হয়েছে। বরং ৪৪ কোটি টাকা আমানত আমাদের নতুন করে আশাবাদী করছে।”

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রথম দুই দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক–এ মোট ১৩ হাজার ৩১৪টি লেনদেন সম্পন্ন হয়েছে, যা গ্রাহকদের আস্থার প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গভর্নর আরও বলেন, একটি নতুন ব্যাংকের কার্যক্রম শুরু করা সাধারণত সময়সাপেক্ষ হলেও নতুন আইন প্রয়োগ ও সবার সহযোগিতায় মাত্র দুই মাসের মধ্যেই ব্যাংকটি কার্যক্রম শুরু করা সম্ভব হয়েছে। বর্তমানে ব্যাংকটির পরিচালনা পর্ষদে বেসরকারি প্রতিনিধি নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মিলিত ইসলামী ব্যাংক–এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। তিনি জানান,
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং আগামী এক সপ্তাহের মধ্যেই এমডি নিয়োগ দেওয়া হবে।

ব্যাংকিং খাতে নতুন এই যাত্রা কতটা আস্থা ফেরাতে পারে—সেদিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের।

করপোরেট নিউজ ২৪/ জিএনএস

Leave A Reply

Your email address will not be published.