Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

বুটের ডালে টেক্সটাইলের রং! উৎপাদন বন্ধের নির্দেশ

খাদ্যপণ্যে ভেজাল ও অনিয়মের অভিযোগে রাজবাড়ী সদর উপজেলার অন্তরমোড় এলাকায় ‘মায়ের দোয়া ফুড প্রোডাক্ট’ নামের একটি কারখানায় অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
অভিযানে টেক্সটাইল রং মিশিয়ে তৈরি করা বুটের ডাল জব্দ ও ধ্বংস করা হয়েছে এবং কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে পরিচালিত এ অভিযানে কারখানার ভেতর থেকে লাল টেক্সটাইল রং উদ্ধার করা হয়। তদন্তকালে উৎপাদনকারী ওই রং বুটের ডালে ব্যবহার করার বিষয়টি স্বীকার করেন।

অভিযানে আরও উঠে আসে চরম অস্বাস্থ্যকর পরিবেশের চিত্র। সংরক্ষিত গুড় ছিল ময়লা ও পিঁপড়াযুক্ত, ভাজার কাজে ব্যবহৃত তেল ছিল অতিরিক্ত পোড়া ও কালো। মসলা মাখানোর জায়গাসহ পুরো উৎপাদন এলাকা অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। কাঁচামাল ও প্রস্তুত পণ্য মেঝেতে রাখা হচ্ছিল এবং মিক্সার ও রোলিং মেশিনেও ছিল ময়লার স্তর।

পরে অভিযান চালিয়ে প্রায় ১২০ কেজি রং মেশানো ভাজা বুটের ডাল ও ৫০০ গ্রাম টেক্সটাইল রং জব্দ করে ধ্বংস করা হয়।

পরিদর্শনে কারখানার সার্বিক পরিবেশ শিশু খাদ্য উৎপাদনের জন্য অনুপযোগী হওয়ায় তাৎক্ষণিকভাবে উৎপাদন বন্ধের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। পাশাপাশি স্বাস্থ্যসম্মত উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে একাধিক নির্দেশনা দেওয়া হয়।

এ বিষয়ে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান বলেন, জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করে এমন খাদ্য উৎপাদনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

Leave A Reply

Your email address will not be published.