EMail: corporatenews100@gmail.com
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণের সময় মঞ্চ ধসে পড়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ উপস্থিত কয়েকজন নেতা পড়ে যান। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি।
শুক্রবার (১৭ জুলাই ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে দোহাজারী পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মন্ত্রী ত্রাণ বিতরণকালে হঠাৎ মঞ্চটি ভেঙে পড়ে। এতে মন্ত্রী, সংসদ সদস্যসহ মঞ্চে অবস্থানরত সবাই নিচে পড়ে যান। তবে তারা গুরুতর আহত হননি। ঘটনার পর মন্ত্রী অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
পড়ে যাওয়াদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদ, পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক, বোয়ালখালী আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহও। তবে সবাই নিরাপদে উঠে আসেন।
এদিকে, মন্ত্রী চলে যাবার পর ত্রাণ গ্রহণকে কেন্দ্র করে উপস্থিত মানুষের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে ১০ থেকে ১২ জন আহত হন। আহতদের কয়েকজনকে দোহাজারী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন— দোহাজারী বার্মা কলোনি এলাকার রাশেদা আক্তার (৬০), খাগরিয়া এলাকার আয়ুব আলী, গুচ্ছগ্রামের ঊর্মি আক্তার এবং দোহাজারী উল্লাপাড়া এলাকার আয়েশা আক্তার। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে বলা হয়।
চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান জানান, মন্ত্রী ত্রাণ বিতরণের জন্য মঞ্চে ওঠার পর অতিরিক্ত লোকজনের চাপে সেটি ভেঙে পড়ে। এতে মঞ্চে থাকা সবাই পড়ে গেলেও কেউ আহত হননি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ত্রাণ বিতরণ কার্যক্রম ফের শুরু হয়।
করপোরেটনিউজ২৪,জিএন