EMail: corporatenews100@gmail.com
বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসা দেশবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১ জানুয়ারি ২০২৬ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বুধবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত বিএনপি চেয়ারপার্সন, তিনবারের প্রধানমন্ত্রী ও ‘গণতন্ত্রের মাতা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় মানুষের ঢল নামে।
তিনি আরও বলেন, জানাজায় দুরদুরান্ত থেকে লাখ লাখ সাধারণ মানুষ, অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টা মন্ডলী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব, আনসার ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যমের সাংবাদিকসহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন। আমি দেশবাসীসহ জানাজায় অংশগ্রহণকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
খালেদা জিয়ার জানাজায় নিহত নিরব হোসেনের পরিবারের পাশে তারেক রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মানিক মিয়া এভিনিউয়ে মৃত্যুবরণ করেন জুলাই যোদ্ধা তাহসিন হোসেন নাহিয়ানের বাবা নিরব হোসেন।
খবর পেয়ে বুধবার রাতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ভুক্তভোগীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটির বাসায় ছুটে যান দলের স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সহ সভাপতি ডা. পারভেজ রেজা কাকন।
এ সময় তিনি মরহুমের দুই ভাই মুসফিকুর ও বাহাদুরের সঙ্গে কথা বলেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি তারেক রহমানের সহানুভূতি পৌঁছে দেন।
ডা. পারভেজ রেজা জানান, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে নিরব হোসেন মারা যান। জানাজায় মানুষের প্রচণ্ড ভিড় ছিল।
এ সময় আরও উপস্থিত ছিলেন— ড্যাব-এর সহ-সভাপতি ডা. একেএম মাসুদ আক্তার জিতু, সাংগঠনিক সম্পাদক ডা. জাভেদ আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. সৈয়দ ইমতিয়াজ সাজিদ, আইন বিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, ডা. রাসেল হোসেন, জোবায়েল আলম পাভেল ও রাকিব হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, নিরব হোসেনের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়।
করপোরেটনিউজ/এইচএইচ