USA news 24/7
Stay Ahead with the Latest in Business

নগদ লভ্যাংশ পাঠিয়েছে প্রিমিয়ার সিমেন্ট

বিনিয়োগকারীদের জন্য সুখবর

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের জন্য ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ডিএসই সূত্র অনুযায়ী, আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ২৯ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৭ টাকা ৪ পয়সা। একই সঙ্গে ৩০ জুন ২০২৫ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৬৪ টাকা ৫০ পয়সা।

এদিকে চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) প্রিমিয়ার সিমেন্টের আর্থিক পারফরম্যান্সেও নিম্নগতি দেখা গেছে। এ সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে মাত্র ১৯ পয়সা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে এনএভিপিএস কমে দাঁড়িয়েছে ৬৩ টাকা ৭০ পয়সায়।

এর আগে, ২০২৩-২৪ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২১ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। ওই বছরে প্রিমিয়ার সিমেন্টের ইপিএস ছিল ৭ টাকা ৪ পয়সা, যেখানে আগের অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৭ টাকা ৯৯ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে এনএভিপিএস দাঁড়িয়েছিল ৬৫ টাকা ৩৭ পয়সা।

আরও পেছনে তাকালে দেখা যায়, ২০২২-২৩ হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। সে সময় শেয়ারপ্রতি লোকসান ছিল ৭ টাকা ৯৯ পয়সা, আগের বছর যা ছিল ১০ টাকা ৭০ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে এনএভিপিএস ছিল ৫৯ টাকা ৩৩ পয়সা।

প্রিমিয়ার সিমেন্টের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ নির্ধারণ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (সিআরআইএসএল)। ৩০ জুন ২০২৪ সমাপ্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক তথ্যের ভিত্তিতে এ রেটিং দেওয়া হয়।

২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া প্রিমিয়ার সিমেন্টের অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা, পরিশোধিত মূলধন ১০৫ কোটি ৪৫ লাখ টাকা এবং রিজার্ভ রয়েছে ৫৩০ কোটি ৫৬ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৫৪ লাখ ৫০ হাজার।

শেয়ার ধারণের চিত্র অনুযায়ী, উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে ৪২.৩৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৬.৭১ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০.০১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে বাকি ৩০.৯৩ শতাংশ শেয়ার।

করপোরেট নিউজ/ এইচএইচ

Leave A Reply

Your email address will not be published.