Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

বাংলাদেশসহ একাধিক দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের আশঙ্কা

বাংলাদেশ, ভারত, চীনসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের বিরুদ্ধে নতুন করে বাণিজ্য তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। তদন্তে অন্যায্য বাণিজ্যচর্চার প্রমাণ মিললে সংশ্লিষ্ট দেশগুলোর পণ্যের ওপর নতুন করে আমদানি শুল্ক আরোপ করা হতে পারে।

বুধবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানান, সেকশন ৩০১ আইনের আওতায় এই তদন্ত পরিচালিত হচ্ছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও মেক্সিকোর মতো বড় বাণিজ্য অংশীদারদের ওপর চলতি গ্রীষ্মের মধ্যেই নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এই তদন্তের আওতায় বাংলাদেশসহ আরও কয়েকটি দেশ রয়েছে। এর মধ্যে ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড ও নরওয়ের নাম উল্লেখ করা হয়েছে।

এর আগে গত মাসে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ বাতিল করে দেয়। আদালতের রায়ে বলা হয়, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন ব্যবহার করে শুল্ক আরোপ করে প্রেসিডেন্ট তার ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।

রায়ে আরও বলা হয়, সংবিধান অনুযায়ী এ ধরনের ক্ষমতা মূলত কংগ্রেসের হাতে এবং শুল্ক আরোপের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কংগ্রেসের স্পষ্ট অনুমোদন প্রয়োজন।

তবে আদালতের ওই রায়ের পরও ট্রাম্প প্রশাসন বৈশ্বিক পণ্যের ওপর নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয় এবং প্রয়োজনে তা ১৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর হুমকিও দেয়।

বিশ্লেষকদের মতে, নতুন এই তদন্তের মাধ্যমে যুক্তরাষ্ট্র তার বাণিজ্য অংশীদার দেশগুলোর ওপর চাপ বাড়ানোর কৌশল গ্রহণ করেছে। তদন্ত শেষ হলে সংশ্লিষ্ট দেশগুলোর পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের সুযোগ পাবে যুক্তরাষ্ট্র।

করপোরেট নিউজ২৪/ জিএনএস

Leave A Reply

Your email address will not be published.