Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

পবিত্র ঈদুল আজহা ২০২৬ কবে ?

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি শুরু করেছে সৌদিআরব। দেশটির সুপ্রিম কোর্ট সাধারণ মানুষের প্রতি আগামী শুক্রবার সন্ধ্যায় আকাশে নতুন চাঁদ খুঁজে দেখার আহ্বান জানিয়েছে।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুযায়ী ইসলামি বিশ্বের বিভিন্ন অঞ্চলে আগামী রোববার (১৭ মে ২০২৬) জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। বিশেষ করে পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কিছু অংশে টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং আমেরিকার অনেক এলাকায় খালি চোখেই চাঁদ দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কবে শুরু হতে পারে জিলহজ মাস?

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পরিচালক মোহাম্মদ শওকত ওদাহ  জানিয়েছেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগামী সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

সেই হিসেবে সৌদি আরবসহ বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে আগামী বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

বাংলাদেশে কবে হতে পারে ঈদ?

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সে হিসাবে দেশে আগামী ২৮ মে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত তারিখ নির্ধারণ করবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

চাঁদ দেখা কেন গুরুত্বপূর্ণ?

ইসলামি ক্যালেন্ডার চাঁদের ওপর নির্ভরশীল হওয়ায় রোজা, হজ ও ঈদের মতো ধর্মীয় গুরুত্বপূর্ণ দিনগুলো নির্ধারণে নতুন চাঁদ দেখার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রতি বছর জিলহজ মাসের শুরুতে সৌদি আরবসহ মুসলিম বিশ্বে চাঁদ দেখার বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া হয়।

 

৭ দিনের ছুটির ঘোষণা দিয়েছে সরকার

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসে টানা ৭ দিনের ছুটির ঘোষণা দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আগামী ২৫ মে নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে  আগামী ২৫ মে থেকে এই ছুটি থাকবে ৩১ মে পর্যন্ত।

বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত ঈদের ছুটি সংক্রান্ত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) অফিসগুলো খোলা থাকবে

এতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। এর আগে আগামী ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) অফিসগুলো খোলা থাকবে।

তবে জরুরি পরিষেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস ছাড়াও বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবে। সেই সঙ্গে হাসপাতাল ও জরুরি সেবা এবং এমন সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরাও এই ছুটির আওতার বাইরে থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

বেসরকারি খাত

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ঈদ ঘিরে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। পাশাপাশি আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে। এছাড়া বেসরকারি খাতের শিল্প-প্রতিষ্ঠান ও কল-কারখানার জন্য সাধারণ ছুটি ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

করপোরেট নিউজ ২৪/এইচএইচ

1 Comment
  1. […] আরও পড়ুন : পবিত্র ঈদুল আজহা ২০২৬ কবে ? […]

Leave A Reply

Your email address will not be published.