EMail: corporatenews100@gmail.com
বন্দর নগরী চট্টগ্রামের অভিজাত শপিংমল ফিনলে স্কয়ারে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়ায় মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) পরিচালিত এ অভিযানে ফুডকোর্টের দুটি রেস্তোরাঁ এবং একটি কসমেটিকস দোকানকে সতর্কতামূলক অর্থদণ্ড দেয়া হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আমিরুল মোস্তফার নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি দল এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর পরিদর্শক সাঈদ আহমেদ তালুকদার।
অভিযানকালে ফিনলে স্কয়ারের ফুডকোর্টে অবস্থিত ‘ক্যাফে আল বাইক’ এবং ‘গুড ইটস’ রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত দেখতে পায়, প্রতিষ্ঠান দুটির ফ্রিজে অত্যন্ত অপরিচ্ছন্ন অবস্থায় খাবার রাখা হয়েছে। পাশাপাশি রান্নাঘরের সার্বিক পরিবেশও ছিল নাজুক ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা নম্বর ২০৩/২৬ মূলে মো. নুরুন্নবী (১৯)সহ সংশ্লিষ্টদের দোষী সাব্যস্ত করা হয়। পরে ভবিষ্যতে সতর্ক থাকার নির্দেশনা দিয়ে দুটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে ফিনলে স্কয়ারের ‘গো গো গর্জিয়াস’ নামের একটি কসমেটিকস দোকানে বিএসটিআই অনুমোদনহীন বিদেশি প্রসাধনী বিক্রি, পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা এবং প্রয়োজনীয় বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ার অভিযোগ পাওয়া যায়।
আদালত সূত্রে জানা যায়, দোকানটিতে বিক্রিত প্রসাধনী পণ্যের গায়ে বিএসটিআই অনুমোদনের কোনো তথ্য ছিল না। এছাড়া আমদানিকৃত পণ্যের মূল্য উল্লেখ না থাকা এবং ক্রেতাদের দেখার জন্য মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার ও বিএসটিআই আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি ভবিষ্যতে যথাযথ অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া পণ্য বিক্রি করা হলে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দেয় ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আমিরুল মোস্তফা বলেন, জনস্বাস্থ্যের সুরক্ষা, ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং অনুমোদনহীন পণ্যের বাজারজাতকরণ রোধে জেলা প্রশাসনের তদারকি ও সচেতনতামূলক অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। কসমেটিকসের মতো সংবেদনশীল পণ্যে ভেজাল ও অনুমোদনহীন বিদেশি পণ্যের ব্যবহার রোধে আগামী দিনে নজরদারি আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।
করপোরেটনিউজ২৪/ফিনলে স্কয়ার, এইচএইচ